৬ নেতা কর্মী গ্রেপ্তার – লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি, হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৬ নেতা কর্মী গ্রেপ্তার
সোমবার (৫ নভেম্বর) দিবাগত রাতে সদর ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান পাটওয়ারী, যুবলীগের ফজলুল করিম, রাজু হোসেন, আরিফ হোসেন, দেলোয়ার হোসেন ও মামুনুর রশিদ। আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর গুলি, হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে তারা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়ে।
এ ছাড়া নিজ বাসভবনের ছাদ থেকে প্রকাশ্যে টিপু ও তার সহযোগীরা শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হন পাঁচ শতাধিক। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারও নেতা-কর্মীকে আসামি করা হয়।